জাপানের সরকারি উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা (Japan International Cooperation Agency–JICA) বাংলাদেশ রেলওয়ের রেলপথ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক একটি জরিপ পরিচালনার জন্য আন্তর্জাতিক পর্যায়ের পরামর্শক প্রতিষ্ঠান থেকে আগ্রহপত্র আহ্বান করেছে।
১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসা জাইকা তাদের “বিশ্বাসের মাধ্যমে বিশ্বকে নেতৃত্ব দেওয়া” ভিশনের আওতায় দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও অবকাঠামো ব্যবস্থাপনায় সহায়তা দিয়ে আসছে। দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাংলাদেশ রেলওয়ে (বিআর) অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ এবং মানুষের চলাচল সহজ করতে কাজ করে যাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশ রেলওয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো সম্প্রসারণ করেছে। তবে এসব উন্নত প্রযুক্তি ও অবকাঠামোর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন দক্ষ জনবল, কার্যকর ব্যবস্থাপনা ও উন্নত পরিদর্শন পদ্ধতি—যা বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
বিশেষ করে ২০২৫ সালের মার্চে চালু হওয়া যমুনা রেলওয়ে সেতুতে লং ওয়েল্ডেড রেল ও স্টিল ডিরেক্ট-ফাস্টেনিং ট্র্যাক সিস্টেমের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এই ধরনের অবকাঠামোর রক্ষণাবেক্ষণে উন্নত দক্ষতা ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।
এই প্রেক্ষাপটে জাইকা “বাংলাদেশ রেলওয়ের রেলপথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক জরিপ” পরিচালনার উদ্যোগ নিয়েছে। এ জরিপের লক্ষ্য হলো—বর্তমান রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অবস্থা ও প্রযুক্তিগত সমস্যা বিশ্লেষণ, স্বল্পমেয়াদি অগ্রাধিকার খাত নির্ধারণ এবং বাস্তবসম্মত উন্নয়নমূলক পদক্ষেপ চিহ্নিত করা। পাশাপাশি নির্বাচিত কিছু পদক্ষেপ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে তার কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
জরিপে সামগ্রিকভাবে রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পর্যালোচনা করা হলেও যমুনা রেলওয়ে সেতুকে একটি পাইলট প্রকল্প হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
জাইকা বাংলাদেশ কার্যালয়ের তত্ত্বাবধানে এ কাজ সম্পন্ন করতে একটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। মূলত রেলপথ অবকাঠামো ও ট্র্যাক রক্ষণাবেক্ষণ বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের একটি ছোট দল মাঠপর্যায়ে তদন্ত ও কারিগরি আলোচনা পরিচালনা করবে।
এ লক্ষ্যে জাইকা যে কোনো দেশের যোগ্য পরামর্শক প্রতিষ্ঠানকে আগ্রহ প্রকাশের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে জাইকার ক্রয়নীতি অনুসরণ করে নির্বাচিত করা হবে চূড়ান্ত প্রতিষ্ঠান।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে bd_procurement@jica.go.jp ঠিকানায় ই-মেইল করে রিকোয়েস্ট ফর প্রপোজাল (RFP) সংগ্রহ করতে হবে। প্রস্তাবনা প্রস্তুত করে নির্ধারিত শর্ত অনুযায়ী একই ই-মেইলে জমা দিতে হবে।
প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ১১ মে ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।
ই-মেইলের বিষয় (Subject) হিসেবে লিখতে হবে: “Proposal on Survey on Railway Facility Maintenance and Management for Bangladesh Railway.”
মন্তব্য করুন