অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে বাসযোগ্য বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের বিভিন্ন সিটি করপোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির আগে তিনি এসব কথা বলেন। র‌্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

মন্ত্রী বলেন, সীমিত আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশে পরিকল্পিত নগরায়ণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি বলেন, নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সে জন্য মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তুলতে হবে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী।

দিবসটি উদযাপন উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার সকাল ১০টায় ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এ মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেবে।

আবাসন, নির্মাণ খাত ও ব্যাংকিং সেবার বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শনের জন্য মেলায় মোট ১৫৭টি স্টল থাকবে। বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসনের বিষয়কে সামনে রেখে সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ‘স্বল্প আয়ের আবাসনের স্থানভিত্তিক উন্নয়ন: ঢাকার দুটি ঘটনাভিত্তিক এলাকার প্রমাণ’ শীর্ষক উপস্থাপনা করা হবে। হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট উপস্থাপন করবে ‘হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের আবাসন মডেল: বাংলাদেশে সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিতকরণে অগ্রগতি’ শীর্ষক প্রবন্ধ।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউটের পক্ষ থেকে ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন: পরিবর্তনশীল বিশ্বে আবাসন সরবরাহের ধরন নতুনভাবে ভাবা’ এবং হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির পক্ষ থেকে ‘বাংলাদেশে সবার জন্য আবাসন: একটি অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক উপস্থাপনা থাকবে।

দেশের সব বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

র‌্যালিতে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সচিব মো. ওবায়দুর রহমান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং রিহ্যাব ও বিআইপিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবকে একটি জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন ক

1

মজুরি বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে ক

2

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে সরকার

3

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: মিষ্টির পদত্যাগ নিয়ে রাশেদ খ

4

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তার

5

পদ্মা থেকে ঢাকায় দৈনিক ১০০ কোটি লিটার পানি আনার নতুন প্রকল্প

6

টয়োটার প্রথম প্রাইভেটকারে উঠলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7

৪ হাজার কিলোমিটার সড়ক উন্নয়নে এগিয়ে এলজিইডির আরসিআইপি, এডিবি

8

নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে

9

উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প

10

মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্

11

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

12

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্

13

বাংলাদেশে সমন্বিত ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ার অঙ্গীকার বি

14

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়াম

15

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আওয়ামী লীগ–যুবলীগের ৫ নেতাকর্মী গ

16

ইসরায়েলে ৫৬ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর জোট

17

বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা গ

18

শিল্প-একাডেমিয়া সহযোগিতা নিয়ে ঢাবিতে সেমিনার ২২ নভেম্বর

19

ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতা শুরু

20